কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস সোফি। যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সফরের শুরুতে ডাচেস সোফি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধনকেন্দ্র ঘুরে দেখেন। এরপর তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত নারী সহায়তাকেন্দ্র এবং রোহিঙ্গা শিশুদের একটি শিখনকেন্দ্র পরিদর্শন করেন।
কমিশনার আরও জানান, দুপুরে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে বসে শরণার্থী হিসেবে তাদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে কথা বলেন। পরে ২০ ও ৪ নম্বর শিবিরে রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম কীভাবে চলছে, সে সম্পর্কে খোঁজখবর নেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের মধ্যে নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও তিনি ঘুরে দেখেন।
উখিয়া ও টেকনাফের শিবিরগুলোতে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যাদের সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংগঠন কাজ করছে। ডাচেস সোফির এই সফরে সেসব কার্যক্রমের নারী ও শিশুকেন্দ্রিক দিকগুলোই বেশি গুরুত্ব পেয়েছে।