মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে পিস প্যালেসে ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালত মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করে।
আদালত জানায়, মিয়ানমারের আচরণ বিবেচনা করলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই প্রমাণ থেকে টানা ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর আচরণ রাষ্ট্রের ওপর বর্তায় বলে উল্লেখ করেছে। আদালতের ভাষ্য অনুযায়ী, গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি এবং গোষ্ঠীর ভেতরে জন্ম ঠেকাতে পরিস্থিতি চাপিয়ে দেওয়া—এই তিন ধরনের কাজ করা হয়েছে।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পাঠের সময় বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, যার শিকার শিশুরাও, এবং বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গাদের ওপরও হামলা করেছে। ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানানো হয়। আদালত আরও বলেছে, রোহিঙ্গাদের বাড়িঘর পোড়ানো হয়েছে এবং গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে; কোথাও কোথাও স্থায়ী অবকাঠামো তৈরি করে রোহিঙ্গা নন, এমন বাসিন্দাদের বসানো হয়েছে।
মিয়ানমার এত দিন বলে আসছে, অভিযানের লক্ষ্য ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের সশস্ত্র গোষ্ঠী। আদালত আরসার হামলার কথা স্বীকার করেছে, তবে বলেছে, আরসাকে দমনের উদ্দেশ্য হামলার ধরন ব্যাখ্যা করে না। জোরপূর্বক বাস্তুচ্যুতিকে বিকল্প ব্যাখ্যা হিসেবেও আদালত নাকচ করেছে। বিচারকেরা এ ক্ষেত্রে মিয়ানমারের তদন্ত না করা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের কাছে প্রবেশাধিকার না দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন।
২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা করে। বেলজিয়াম, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ মামলায় হস্তক্ষেপকারী হিসেবে মতামত জমা দিয়েছিল। বাংলাদেশের কক্সবাজারের শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন; তাঁদের জন্য এ রায়কে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছিল। আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই, তবে রায় কার্যকর করার সরাসরি কোনো ব্যবস্থা আদালতের হাতে নেই।