রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার রাতে নগরের আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর কক্ষটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, সোমবার বেলা তিনটা থেকে তাঁর কক্ষের সামনে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, বুলবুল ব্যবসার কাজে শহরে এসে মাঝেমধ্যেই ওই হোটেলে থাকতেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।