বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের ওপর আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তবে তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত কর্তৃপক্ষ। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি সংসদকে বিষয়টি অবহিত করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে যে বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন, তবে তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আছে।

মন্ত্রী জানান, বাংলাদেশের উপযুক্ত আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় নথি যাচাই করে গত বছরের ১১ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। এ বছরের ১২ জুন আবুধাবির ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এনসিবিকে জানায়, বেনজীর আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বলা হয়। বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে সেই অনুরোধ পাঠায় এবং পরে আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত তথ্য-প্রমাণও দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, সরকার আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম নিয়েছে। বেনজীর আহমেদের বর্তমান অবস্থান ও প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানতে বাংলাদেশের এনসিবি আবুধাবির এনসিবির কাছে যোগাযোগ করেছে বলেও তিনি জানান।