রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

তানোরে ধানখেতে যুবকের অর্ধগলিত মরদেহ, ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ধারণা পুলিশের

চার দিন আগে কাজের কথা বলে বের হওয়া কুষ্টিয়ার ভেড়ামারার নির্মাণশ্রমিক বাবু শেখের মরদেহ শনিবার সকালে কচুয়া গ্রামের গভীর নলকূপের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর তানোরে একটি ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা এলাকায় একটি গভীর নলকূপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবু শেখ কুষ্টিয়ার ভেড়ামারা সদর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইসলাম শেখ। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। চার দিন আগে কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তাঁর সঙ্গে কাজে যাওয়া অন্যদের ফোনও বন্ধ ছিল।

স্বজনেরা জানান, একদিন পর ওই সঙ্গীদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর মৃত্যু হয়েছে এবং মরদেহ মাঠে পড়ে আছে। খবর পেয়ে গত বৃহস্পতিবার স্বজনেরা তানোরে এসে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁরা পুলিশের কাছে নিজেদের মোবাইল নম্বর রেখে যান। শনিবার সকালে পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানায়। পুলিশের পাঠানো ছবি দেখে স্বজনেরা মরদেহটি বাবুর বলে শনাক্ত করেন।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।