বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

মঙ্গলবার ভোরে চকশব্দল এলাকায় টহলের সময় মালিকবিহীন অবস্থায় মাদকটি পাওয়া যায়।

নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার চকশব্দল এলাকায় এ অভিযান চালানো হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে চকশব্দল এলাকায় মালিকবিহীন অবস্থায় মাদকের চালানটি পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।