রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, গণনা শেষ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এযাবৎকালের সর্বোচ্চ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলা গণনা শেষ হয় শনিবার রাত সোয়া ১০টার দিকে।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এযাবৎকালের মধ্যে এবারই সর্বোচ্চ অর্থ পাওয়া গেছে। এর আগে মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

শনিবার সকাল সাড়ে সাতটায় দানবাক্সগুলো খোলা হয়। প্রায় পাঁচ মাস পর এবার বাক্সগুলো খোলা হলো। সর্বশেষ চলতি বছরের ২৭ জুন ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে লোহার দানবাক্স থেকে টাকা সংগ্রহ করে বস্তায় ভরা হয়, পরে সেগুলো মেঝেতে ঢেলে গণনা শুরু হয়। গণনায় অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন দুটি মাদ্রাসা ও মসজিদের এতিমখানার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে পাওয়া গেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা। সোনা ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলাম কার্যক্রম চলছে।

মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ মেটানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। জেলা প্রশাসকের ভাষ্য, তহবিলের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। মসজিদের পরিসর বাড়াতে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এ মসজিদে দান করলে মনের আশা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস আছে। এ বিশ্বাস থেকে দূরদূরান্তের মানুষ এখানে দান করেন।