শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীর ককটেল বিস্ফোরণ মামলায় আনার-কন্যা ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে ডরিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ককটেলের উৎস কোথায়, কার নির্দেশে তা সংগ্রহ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা জানতে ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্র হয়ে ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলাটি হয়। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।