বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আগামী শিক্ষাবর্ষের শুরুতে পাইলট প্রকল্পে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে ঘোষিত পাইলট প্রকল্প আগামী বছরের শুরুতে চালু হবে।

পাঠ্যবইয়ের মতো বিনামূল্যে স্কুলড্রেসও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছরের শুরুতে একটি পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আশাব্যঞ্জক।

প্রশ্নকারীরা মনে করিয়ে দেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলা হয়েছিল। এ নিয়ে প্রস্তুতিও ছিল। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই সুবিধা পায়নি।

আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি না এবং আগে নেওয়া পাইলট প্রকল্পটি বহাল আছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্পটি কার্যকর হবে এবং আগামী বছরের শুরুতেই এটি চালু করা হবে। প্রকল্পের আওতায় কোন কোন এলাকা বা কতজন শিক্ষার্থী সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি।