বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানাল সরকার

প্রশ্নোত্তর পর্বে দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা পর্যায়ে ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি খালি রয়েছে।

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের পদের প্রায় অর্ধেকই শূন্য রয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়েছে।

জবাবে বলা হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদ পূরণ হয়েছে, শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮টি। অর্থাৎ বর্তমানে এসব কমপ্লেক্সে প্রায় ৪৮ শতাংশ পদ খালি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী অনুপস্থিত থাকায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি, যার মধ্যে ১১ হাজার ৩৩৬টি শূন্য। স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে খালি আছে ২১ হাজার ৬৫৬টি।

অন্য এক প্রশ্নের জবাবে জানানো হয়, হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন, টিকা পেয়েছেন ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে বলা হয়, ২৫ থেকে ৩০ বছর বয়সী তরুণদের, বিশেষ করে পুরুষদের মধ্যে হৃদরোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার বর্তমানে উদ্বেগজনকভাবে বেড়েছে।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুনসহ মোট ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে এবং প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।