বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জুড়ীতে থানা থেকে ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, সিসিটিভিতে দুই তরুণ

মৌলভীবাজারের জুড়ীতে মঙ্গলবার রাত আটটার দিকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা হয়; চিৎকারে লোকজন এগিয়ে এলে দুজন মোটরসাইকেলে পালান।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে ঘটনাটি ঘটে।

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন। স্বামীর বর্ণনা অনুযায়ী, থানার দায়িত্ব শেষে প্রায়ই তিনি হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত আটটার দিকে তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না।

নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাত দুই তরুণ তাঁকে অপহরণের চেষ্টা চালান। নারী পুলিশ সদস্যের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

তাঁর স্বামী জানান, দুর্বৃত্তরা কিছু ছিনিয়ে নেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাঁরা পদক্ষেপ নেবেন। ঘটনাস্থলের কাছের বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হক জানান, চিৎকার শুনে আশপাশের লোকজনের মতো তাঁরাও ছুটে যান এবং প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ দেখেছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে।