শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন করতে না পেরে ভোগান্তিতে গ্রাহকেরা

বুধবার দুপুরের পর থেকে অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে; বাংলাদেশ ব্যাংক বলছে, সন্দেহজনক লেনদেন পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিছু হিসাব বন্ধ করেছে।

গোপালগঞ্জে হঠাৎ করে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক। বুধবার দুপুরের পর থেকে অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। বৃহস্পতিবারও বিকাশ, নগদ, রকেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহক টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারেননি। তবে অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন এবং এজেন্টরাও লেনদেন করতে পারছেন।

বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত নম্বরে প্রতিষ্ঠানগুলো খুদে বার্তা পাঠাচ্ছে। একটি প্রতিষ্ঠানের বার্তায় বলা হয়েছে, এমএফএস বিধিমালা অনুযায়ী অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বন্ধের কারণ ও কত দিন এ অবস্থা থাকবে, তা জানতে না পেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার একটি টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে তিন থেকে চার শ গ্রাহক তাঁর দোকানে এসেছেন, অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শহরের অন্তত ১৫টি এজেন্টের দোকানে গ্রাহকদের অপেক্ষা করতে দেখা যায়। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে সচল অ্যাকাউন্ট থেকেও সব টাকা তুলে নিচ্ছেন। এক গ্রাহক জানান, তিনি আতঙ্কে ১৩ হাজার টাকা তুলে নিয়েছেন।

এক শিক্ষার্থী বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবারই ফি দিয়ে আবেদন শেষ করতে চেয়েছিলেন, কিন্তু রকেট অ্যাকাউন্টে টাকা থাকলেও লেনদেন করতে পারছিলেন না। ঢাকায় চাকরি করেন এমন এক গ্রাহক জানান, বিকাশের হেল্পলাইনে ফোন করলে তাঁকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে তাঁর নম্বর বন্ধ রাখা হয়েছে; বিস্তারিত তথ্য তাঁকে দেওয়া হয়নি। তিনি বলেন, কোথাও থেকে অবৈধভাবে টাকা নেননি বা কাউকে সন্দেহজনকভাবে টাকা পাঠাননি।

এ বিষয়ে বিকাশ, নগদ ও রকেটের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারী হিসাব এমএফএস প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেসব হিসাব বন্ধ করা হয়েছে, যা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া বলে তিনি জানান।