জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর তিনটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আগামী ২৩ নভেম্বর থেকে পরীক্ষার দিনগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। একই সময়ে মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ব্যবহারও করা যাবে না। উচ্চস্বরে মাইক বাজানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কেন্দ্র তিনটি হলো রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২-এর ২৯ (১) (ক), ২৯ (১) (খ), ৩০ ও ৩৩ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।