ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও ওষুধের বহুমুখী সংকট চলছে। গাইনি চিকিৎসক না থাকায় গত জুলাই থেকে হাসপাতালটিতে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার বন্ধ আছে।
৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৭০ থেকে ৮৫ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ছয় শতাধিক মানুষ। ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরের এই হাসপাতালে ঈশ্বরগঞ্জ ছাড়াও গৌরীপুর এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একাংশের মানুষ আসেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, অক্টোবরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৯১১ জন; সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১২ হাজার ২৬১।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসাইন জানান, চিকিৎসকের ৪৩টি পদের মধ্যে ২০টিই শূন্য। বিশেষ করে গাইনি, শিশু ও কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ না থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। আবাসিক চিকিৎসা কর্মকর্তা এবং অ্যানেসথেশিয়া, চর্ম ও যৌন এবং চক্ষু বিভাগের জুনিয়র কনসালট্যান্টের পদও ফাঁকা। দুজন চিকিৎসা কর্মকর্তা প্রেষণে ঢাকার দুটি হাসপাতালে আছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি রোগীও দেখেন।
তিনি বলেন, আগে বহির্বিভাগে দৈনিক ৩৫০ থেকে ৪৫০ জন রোগী আসতেন, এখন কোনো কোনো দিন আসছেন ৬০০ থেকে ৭৫০ জন। ওষুধের বরাদ্দ দেওয়া হয় গত বছরের রোগীর সংখ্যার ভিত্তিতে, অথচ রোগী এখন দেড় থেকে দুই গুণ। বরাদ্দের প্রায় ৭৫ শতাংশ আসে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে; চাহিদা পাঠানোর পরও কিছু গুরুত্বপূর্ণ ওষুধ, এমনকি প্যারাসিটামলও পর্যাপ্ত মিলছে না। রোগীদের অভিযোগ, তাঁদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। একজন রোগী জানান, তাঁকে প্রায় ১ হাজার ৮০০ টাকার ওষুধ কিনতে হয়েছে।
জনবলেও ঘাটতি আছে: সাতটি উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার পদের পাঁচটি শূন্য, অন্যান্য কর্মীর ২৭ পদের বিপরীতে আছেন ১৫ জন। যন্ত্রপাতির অবস্থাও নাজুক। গত আগস্ট থেকে আলট্রাসনোগ্রাম মেশিন বিকল, পুরোনো অ্যানালগ এক্স-রে মেশিনে রোগনির্ণয়ে সমস্যা হচ্ছে। অস্ত্রোপচার কক্ষের কিছু যন্ত্রে ত্রুটি আছে, বহির্বিভাগ ও ওয়ার্ডের অনেক জানালার কাচ ভাঙা। শীতের আগে সেগুলো মেরামত না হলে রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি বাড়বে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।