গাজায় একটি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরায়েল (অধিকৃত ফিলিস্তিন)। এতে ভারী বৃষ্টিতে বন্যা ও রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, গাজা শহরের শেখ রাদওয়ান স্টর্মওয়াটার বেসিন এখন পয়ঃবর্জ্যে দূষিত এবং ভারী বৃষ্টি হলে তা উপচে পড়তে পারে। এটি মেরামতে ৩০ লাখ ডলারের পরিকল্পনা নিয়ে তাঁরা এক বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "বোর্ড অব পিস"-এর সঙ্গে কাজ করছিলেন। কিন্তু গাজায় মানবিক বিষয় তদারককারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগ্যাট নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্পটি প্রত্যাখ্যান করেছে।
জেনেভায় সংবাদ সম্মেলনে এল্ডার বলেন, বিষাক্ত বর্জ্য রাস্তাঘাট ও তাঁবুতে ঢুকে পড়তে পারে, পরিবারগুলো আবার আশ্রয় ছাড়তে বাধ্য হবে এবং রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়বে। শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে এমন এ পরিস্থিতি পুরোপুরি প্রতিরোধযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার বলেন, বন্যা, দুর্বল পয়ঃনিষ্কাশন এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ও পানি সেবার কারণে গাজায় সংক্রামক রোগ ছড়ানোর বড় ঝুঁকি রয়েছে। প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ মাঝারি থেকে উচ্চ মাত্রার বন্যাঝুঁকিতে আছেন।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, যুদ্ধের সময় গাজার পানি অবকাঠামো ও পানি পাম্পের যানবাহন ধ্বংস করা হয়েছে। এ সপ্তাহের ভারী বৃষ্টিতে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে; এক ঘটনায় বালির বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে তিন শিশুসহ চারজন নিহত হন। গত বছরের যুদ্ধবিরতিতে পুনর্গঠনের কথা থাকলেও শর্ত নিয়ে মতৈক্য না হওয়ায় অগ্রগতি সামান্য।