সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে দুই দিনের উত্থানের পর ফের পতন, ডিএসইএক্স কমল ১০ দশমিক ৩৫ পয়েন্ট; সিএসইতে সূচক বেড়েছে

নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে ৫৫৮ কোটি টাকায় নেমেছে; বাজারসংশ্লিষ্টরা একে সংশোধন হিসেবে দেখছেন।

গত সপ্তাহের শেষ দুই কর্মদিবসে সূচকের বড় উন্নতির পর নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ফের পতন দেখেছে দেশের প্রধান পুঁজিবাজার। লেনদেনের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট বিক্রয়চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান দুটি সূচক দিন শেষে কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিনের শুরুতে ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৩ পয়েন্টে। দিন শেষে সেটি ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪০২ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক হারিয়েছে ১০ দশমিক ২৫ পয়েন্ট। তবে শরিয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে গতকাল ৫৫৮ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয়েছে, যা আগের কর্মদিবস বৃহস্পতিবারের ৬৪৫ কোটি টাকার চেয়ে ৮৭ কোটি টাকা কম। দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চিত্র ছিল ভিন্ন। সেখানে সবগুলো সূচকই কমবেশি বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৯ দশমিক ১৫ পয়েন্টে স্থির হয়েছে। সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচক বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৮৩ ও ৯ দশমিক ৯৭ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি টাকার, আগের দিন যা ছিল ১৯ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন শুরুর ১৫ মিনিটের মাথায় সূচক ১৮ পয়েন্ট বেড়েছিল, কিন্তু এরপরই বিক্রয়চাপ শুরু হয়, যা বেলা সোয়া ১১টা পর্যন্ত চলে। পরে সূচক আবার ঊর্ধ্বমুখী হয়ে দুপুর ১২টায় ১৯ পয়েন্ট পর্যন্ত বাড়ে। কিন্তু দ্বিতীয় দফায় বিক্রয়চাপ শুরু হয়ে লেনদেনের শেষ পর্যন্ত তা বজায় থাকে। ফলে সূচক নেতিবাচক অবস্থানে দিন শেষ করে।

দরপতনের তালিকায় শীর্ষে ছিল সাধারণ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, যার শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৪৬ শতাংশ। ৭ দশমিক ২৩ শতাংশ দর হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক। বাজারসংশ্লিষ্টরা দিনের বাজার আচরণকে সংশোধন হিসেবেই দেখছেন। তাঁদের মতে, গত সপ্তাহের শেষ দুই দিনে মূল্যস্তরে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসায় বিনিয়োগকারীদের একাংশ মুনাফা তুলে নিচ্ছেন।