রাজধানীর পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারও বেড়েছে। চালের ধরনভেদে ৫০ কেজির প্রতিটি বস্তার দাম ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে এই মুহূর্তে এর প্রভাব খুচরা বাজারে পড়েনি; খুচরা ব্যবসায়ীরা আগের বাড়তি দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর-৬, মিরপুর-১১ ও কারওয়ান বাজারের চালের আড়ত এবং খুচরা দোকানে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, পাইকারি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দ্রুতই খুচরা বাজারেও দাম বেড়ে যেতে পারে।
বর্তমানে খুচরা বাজারে তুলনামূলক মোটা চাল ‘গুটিস্বর্ণা’ প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের বিআর-২৮ চালের কেজি ৫৫ থেকে ৫৬ টাকা, চিকন মিনিকেট ৭০ থেকে ৭৫ টাকা এবং ভালো মানের নাজিরশাইল প্রতি কেজি ৮০ টাকা।
মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের চাল বিক্রেতা হোসেন বলেন, এক সপ্তাহ আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৮ চালের পাইকারি দাম মানভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা ছিল; এখন বস্তাপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিতে হচ্ছে। তাঁর ভাষ্য, বস্তাপ্রতি দাম অন্তত ৫০ টাকা বাড়লে খুচরা বাজারে এর প্রভাব পড়ে।