সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে ঢাকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় রাজশাহী, সাব্বিরের লড়াই

চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে ফলোঅন করা রাজশাহী ৫ উইকেটে ২১৫ রান তুলেছে এবং এখনো ১৪৪ রানে পিছিয়ে।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীতে ঢাকা বিভাগের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে স্বাগতিক রাজশাহী। তৃতীয় দিন শেষে ফলোঅনে নামা রাজশাহী ৫ উইকেটে ২১৫ রান তুলেছে, ঢাকার একমাত্র ইনিংসের চেয়ে এখনো পিছিয়ে ১৪৪ রানে।

ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের ইনিংসে ভর করে ঢাকা প্রথম ইনিংসে তোলে ৫২১ রান। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা রাজশাহী আজ প্রথম ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। এরপর ফলোঅনে নেমে দিনের শেষে তারা ৫ উইকেটে ২১৫ রানে পৌঁছায়। দলটির ভরসা হয়ে আছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমান, তিনি ৬৪ রানে অপরাজিত। প্রথম ইনিংসেও তিনি ৫৪ রান করেছিলেন। মৌসুমে প্রথম জয়ের সম্ভাবনা নিয়ে দিন শেষ করেছে ঢাকা; রাজশাহীতে দলটি একটি বোনাস পয়েন্টও পেতে পারে।

অন্য ম্যাচগুলোতে আজ ছিল ব্যাটসম্যানদের দিন। কক্সবাজারে সিলেটের বিপক্ষে খুলনার ম্যাচে বৃষ্টিতে প্রথম দিন পুরোটা ভেসে যাওয়ায় তৃতীয় দিন শেষেও প্রথম ইনিংস শেষ হয়নি; সিলেট ৪ উইকেটে ৫৭৫ রান তুলেছে। অমিত হাসান ১৭১ রানে এবং আশরাফুল হাসান রিহাদ ১০১ রানে অপরাজিত আছেন। ৫৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি অমিতের দ্বাদশ সেঞ্চুরি, রিহাদের এ মৌসুমে দ্বিতীয়। আগের দিন সিলেট অধিনায়ক জাকির হাসান করেছিলেন ১৬০ রান।

বগুড়ায় ময়মনসিংহ মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে চট্টগ্রাম ৬ উইকেটে ৪২৪ রান তুলেছে; পাঁচ ব্যাটসম্যান ফিফটি করলেও কেউ সেঞ্চুরি পাননি। সর্বোচ্চ ৯৫ রান করেন শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান করেন ৭৬। সিলেট একাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে বরিশাল ৯ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে ৪১ রানের লিড নিয়েছে; ফজলে রাব্বি সেঞ্চুরি করেন।