মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে ১০ দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে নুরুজ্জামান মিন্টুকে আটক করে গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে; শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই দুজন মোটরসাইকেলে তাঁকে ধাওয়া করেন এবং শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।