শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

তারাগঞ্জে যমুনেশ্বরী ও চিকলী নদীতে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

রংপুরের তারাগঞ্জে অন্তত ১৫টি পয়েন্টে ড্রেজার ও ভেকু দিয়ে দিনরাত বালু তোলায় সেচ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুটি সেতু ও শত শত একর ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী ও চিকলী নদীর বিভিন্ন পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার অন্তত ১৫টি পয়েন্টে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলনের কারণে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের একটি সেচ প্রকল্প, একটি গুচ্ছগ্রাম, দুটি সংযোগ সেতু, নদীতীরের বসতভিটা ও শত শত একর কৃষিজমি ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ এই সেচ প্রকল্পের পানিতে শুষ্ক মৌসুমে তারাগঞ্জসহ আশপাশের তিন উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়। নদীর তীর ঘেঁষে বালু তোলায় প্রকল্পের মূল স্থাপনা ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। নদীর পাড়ে ইতোমধ্যে বড় ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। খোলাইঘাট এলাকায় সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চিকলী নদী থেকে ভেকু দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। সেখানকার কাছেই আছে একটি সরকারি গুচ্ছগ্রাম এবং বদরগঞ্জ–তারাগঞ্জ–সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের ওপর দুটি গুরুত্বপূর্ণ সেতু।

গুচ্ছগ্রামের বাসিন্দা আকালিমা, মোতাহার ও হাবিবুর রহমান বলেন, বালু তোলা বন্ধের জন্য প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেও স্থায়ী সমাধান মেলেনি। নদী ভাঙলে তাঁদের শেষ আশ্রয়টুকুও বিলীন হয়ে যাবে। খোলাইঘাটের কৃষক মোতালেব হোসেন জানান, পাড় ধসে তাঁর কয়েকটি ফলদ গাছ নদীতে চলে গেছে এবং কৃষিজমিও হুমকির মুখে।

স্থানীয়দের অভিযোগ, খোলাইঘাট ছাড়াও কুর্শা ইউনিয়নের রহিমাপুরের চাকলা, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ী, নেকিরহাট, খারুভাজ, উজিয়াল, সয়ার, ঠাকুরটারি ও মুচিপাড়াসহ যমুনেশ্বরী নদীর বিভিন্ন দুর্গম পয়েন্টে দিনরাত বালু তোলা হচ্ছে।

তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, অভিযোগ পাওয়ামাত্র অভিযান ও মোবাইল কোর্ট চালানো হচ্ছে। তবে গভীর রাতে, দুর্গম স্থানে এবং অনেক সময় পাশের উপজেলার সীমানায় বালু তোলা হওয়ায় শুধু মোবাইল কোর্ট দিয়ে এটি পুরোপুরি বন্ধ করা অসম্ভব। তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেষ্ট হতে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করতে আহ্বান জানান।