বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে মধ্যরাতে সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে আগুন, জানালার পাশে কেরোসিনের বোতল; পুড়েছে নথিপত্র

পুলিশের ওসি বলছেন, পরিকল্পিতভাবে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে; সমাজসেবা কার্যালয় সাধারণ ডায়েরি করেছে।

খাগড়াছড়ি সদর উপজেলার সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে মধ্যরাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৩টার দিকে ঘটা এ ঘটনায় ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত পৌনে ৩টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভূমি অফিসের কানুনগো কক্ষ এবং সমাজসেবা অফিসের একটি কক্ষের মালামাল পুড়ে গেছে। তাঁর ভাষ্য, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। রহস্যজনকভাবে দুটি অফিসেরই জানালা খোলা অবস্থায় পাওয়া গেছে বলেও তিনি জানান।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে জানালার পাশে একটি কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম এবং ভূমি অফিসের বিভিন্ন নথি পুড়ে যায়। এ ঘটনায় সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু প্রাথমিকভাবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বা রাজনৈতিক নাশকতার উদ্দেশ্যে ঘটানো বলে মনে হয়নি উল্লেখ করে বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর জন্যই আগুন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। কোন নথিগুলো পুড়েছে এবং ক্ষতির পরিমাণ কত, তা-ও নিশ্চিত করা হয়নি।