ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে। পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী সোমবার এ মন্তব্য করেছেন।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। শুধু দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারে লাগতে পারে তিন থেকে পাঁচ বছর। পাচারের অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে গেছে তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।
ফরহানুল গনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। গত বছর ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি পথে সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে। এ ক্ষেত্রে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে যাওয়ার তথ্য ব্যাংকের কাছে আছে কি না এবং মালিক দেশ ছেড়েছেন কি না, এসব বিবেচনায় নেওয়া হয়েছে।
বিদেশে সম্পদের সন্ধান, জব্দ ও আদালতে লড়াইয়ে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জানান তিনি। এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না; সম্পদ উদ্ধার হলে তার একটি অংশ পাবেন অর্থায়নকারীরা। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এমন একটি চুক্তির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে এবং আইনি নথি তৈরির কাজ চলছে।
সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ফরহানুল গনি বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে। বিদেশে থাকা বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ বাংলাদেশের আদালত দিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোতে সেসব আদেশ এখনো কার্যকর হয়নি। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের তথ্য সেখানকার কর্তৃপক্ষ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।