বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, ১৫ মার্চ থেকে মোট মৃত্যু ১ হাজার ২৬৩; নতুন আক্রান্ত ১ হাজার ৪০০

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৫৭ হাজার মানুষ।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০০ জন। এর মধ্যে ১ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ মিলেছে, আর ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গে ১ হাজার ১৫৮ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনের, আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। সব মিলিয়ে আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। এঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও নয়জনের হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী ১ হাজার ১২৯ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।