রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক কেন্দ্রের জরুরি প্রস্তুতিতে সুনির্দিষ্ট ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় পর্যায়ে সমন্বয় বাড়ানোর পরামর্শ

দশ দিনের পর্যালোচনা মিশন শেষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থার প্রশংসা করেছে।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট কোনো ঘাটতি চিহ্নিত করেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার বিশেষজ্ঞ দল কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থার প্রশংসা করলেও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের পরামর্শ দিয়েছে।

গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দশ দিনব্যাপী আইএইএর জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন পরিচালিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই পর্যালোচনা হয়। শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রের অন-সাইট প্রস্তুতিতে উল্লেখযোগ্য কোনো ঘাটতি পাওয়া যায়নি। তবে জাতীয় ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাহেদুল হাসান বলেন, জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই; দায়িত্ব বণ্টন, সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও কার্যকর করাই এর উদ্দেশ্য।

আইএইএর মূল্যায়নে দুটি ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষজ্ঞ দল কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছে।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। তাঁর ভাষায়, এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।