দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এসব উদ্যোগের মূল লক্ষ্য বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টিই অবকাঠামো–সংক্রান্ত। এসব প্রকল্পের জন্য ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রয়েছে, যার ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা দেশীয় উৎস থেকে এবং ৪২ কোটি ৩০ লাখ টাকা প্রকল্প সহায়তা। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা, যা বাস্তবায়নের ধীরগতির ইঙ্গিত দেয়।
চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোয় ৯টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। এতে একই ধরনের প্রকল্প একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে, যাতে কাজের বিচ্ছিন্নতা কমে এবং সম্পদের সঠিক ব্যবহার হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয়প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে। সরকারের দাবি, এসব উদ্যোগ নির্বাচনি ইশতেহার এবং ২০২৬–২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।