কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। অভিযোগকারী ইউনুস আলীর বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য বিল করা হয়েছে ৯ হাজার ১৬০ টাকা, আর নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে ১ হাজার ৩৯৮ ইউনিটের বিল হয়েছে ৫০ হাজার ৩০ টাকা। ইউনুস আলীর দাবি, তিনি বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন; এর বাইরে তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। প্রতিবেশীরা জানান, দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি এবং আড়াই শতক ভিটেমাটিই তাঁর সম্বল।
ইউনুস আলী বলেন, বাজারে একটি মিশুক সারা রাত চার্জ দিলে ৫০ টাকা ভাড়া দিতে হয়; সেখানে নিজের বাসায় চার্জ দিয়ে এত টাকা বিল ওঠা তাঁর কাছে অস্বাভাবিক। কয়েক দিন ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েও তিনি সমাধান পাননি বলে জানান। এখন এত টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট বাজারের অটোরিকশা চার্জ ব্যবসায়ী রবিউল ইসলামের ভাষ্য, একটি অটোরিকশা চার্জ দিলে মাসে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং একটি মিশুক অটো চার্জ দিলে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতে পারে; এর বেশি হলে তা অস্বাভাবিক। ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের মিটারে সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে লিখিত অভিযোগ করতে হবে; এরপর মিটার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। বিল সঠিক হলে তা পরিশোধ করতে হবে, তবে মিটারে ত্রুটি পাওয়া গেলে বিল সংশোধন করা হবে বলে তিনি জানান।
এর আগে নেত্রকোনার মোহনগঞ্জেও বেশি বিদ্যুৎ বিল আসা নিয়ে এক গ্রাহকের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের কথা-কাটাকাটি হয়েছিল। এরপর ওই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তিন দিন পর তা আবার চালু করা হয়।