রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে আমানত বাড়লেও সে তুলনায় ঋণ বিতরণ বাড়েনি। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা, আর ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা। ফলে আমানতের তুলনায় ঋণের অনুপাত (এডিআর) বেশ কমেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ১৮ নভেম্বর সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক হয়। সেখানে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বৈঠকে ব্যাংকগুলোর পর্ষদ সদস্য ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ছয় ব্যাংকের মোট আমানত ছিল ৪ লাখ ৮৬ হাজার ৩৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুনে তা বেড়ে হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১০৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ৫১ হাজার ৭৮৪ কোটি টাকা বা ১১ দশমিক ৬ শতাংশ; ঋণ বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়।
গত ৩০ জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ; ব্যাংকটির খেলাপি ঋণের হার ৬৯ দশমিক ৯৭ শতাংশ। ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ আটকে আছে প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে। এই ১২০ জনের কাছে আটকে থাকা ঋণ ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ২ হাজার ১৫৬ কোটি ৮০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ।
ছয় ব্যাংকের সম্মিলিত মূলধনঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা, যার মধ্যে শুধু জনতা ব্যাংকেরই ৬৬ হাজার ৮১১ কোটি টাকা। তবে সোনালী ব্যাংকের ১ হাজার ১২৭ কোটি এবং বিডিবিএলের ৪১৮ কোটি টাকা মূলধন উদ্বৃত্ত রয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সেপ্টেম্বর পর্যন্ত কমে ৪ দশমিক ১৭ শতাংশে নেমেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন বলে বৈঠকে জানানো হয়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, তাঁদের ব্যাংকে আমানত আসছে বন্যার মতো, তবে সে তুলনায় ঋণ বিতরণ কঠিন। তিনি জানান, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাংকটি নতুন ঋণ দিয়েছে ২৮ হাজার কোটি টাকা এবং ডিসেম্বর শেষে মোট ঋণ আগের বছরের চেয়ে বাড়বে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোকে কম সুদের আমানত সংগ্রহ, ঋণের মান উন্নয়ন ও নির্ধারিত সময়ে খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা নিতে পরামর্শ দিয়েছে।