রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিলেটে আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সিলেটে আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার
ছবি: ফাইল ফবি

সিলেটে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। এতে মোট উদ্ধার হওয়া পাথরের পরিমাণ দাঁড়াল প্রায় ৪ লাখ ঘনফুট।

শনিবার (১৬ আগস্ট) সকালে জেলার ধোবাগুল এলাকায় বিশেষ অভিযানে এ পাথর উদ্ধার করে সেনাবাহিনী।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। গর্ত সমান করার পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও এতে অংশ নিচ্ছেন।

এর আগে শুক্রবার রাতে ধলাই নদীর পূর্বপাড় থেকে পাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তারা লুটপাট নিয়ন্ত্রণ করত।

একই রাতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কোটি টাকার পাথর অবৈধভাবে লুট হয়েছে।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।