ফেনীর পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এসেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এসপির পাশাপাশি ফেনীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদেও রদবদল হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশের একটি সূত্র জানায়, ছাগলনাইয়া মডেল থানার বর্তমান ওসি মো. আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় এবং পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার যোগদানের পর দুই কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আশরাফুল ইসলাম গত বছরের ৭ ডিসেম্বর পরশুরাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর চলতি বছরের ২২ জুন ছাগলনাইয়া থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মো. আবু তাহের।
পরশুরাম ও ছাগলনাইয়া—দুটি উপজেলাই সীমান্তবর্তী। ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে এ দুই থানার পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর দুই কর্মকর্তা এসব চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করেন, সেদিকে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।