সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চিতলমারীতে চিংড়ি ঘেরের পাড়ে আগাম টমেটো চাষ, ভালো দামে বাড়ছে আগ্রহ

বাগেরহাটের চিতলমারীর সাতটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক টমেটো চাষে যুক্ত; এ বছর আবাদ হয়েছে ৮৮০ হেক্টর জমিতে।

দাম ভালো হওয়ায় বাগেরহাটের চিতলমারীতে আগাম টমেটো চাষে ঝুঁকছেন কৃষকেরা। এখানকার উৎপাদিত টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা ও সন্তোষপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক এ চাষের সঙ্গে যুক্ত। বিশেষ করে চিংড়ি ঘেরের পাড়ে উচ্চফলনশীল জাতের টমেটোর আবাদ বেশি হয়েছে। এখন কৃষক-কৃষানিরা খেতের পরিচর্যায় ব্যস্ত; অনেকে আগাম টমেটো বাজারে তুলতে শুরু করেছেন।

দুর্গাপুর গ্রামের কৃষক সুব্রত মণ্ডল জানান, তিনি তিন বিঘা ঘেরের পাড়ে টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে প্রতি মণ ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি শুরু করেছেন। ঢাকাসহ সারা দেশে চাহিদা থাকায় ভালো মুনাফার আশা করছেন তিনি। কুরমনি গ্রামের চাষি অবনী কুমার বালা আড়াই বিঘা জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বড় লাভের আশা তাঁর।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ জানান, ভালো দাম পাওয়ায় কৃষকেরা আগাম টমেটো চাষে বেশি আগ্রহী হচ্ছেন। এ বছর উপজেলায় গত বছরের চেয়ে ২১ হেক্টর বেশি, অর্থাৎ মোট ৮৮০ হেক্টর জমিতে বিউটিফুল-২, রিগেল, হাইটম ও বিপুলপ্লাসসহ প্রায় ৩০ জাতের টমেটোর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।