বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ। এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে নেদুপ তাঁর প্রার্থিতার বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি জনস্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁর অগ্রাধিকারগুলোও তিনি বৈঠকে উপস্থাপন করেন।
এর আগে ভুটানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাংগে নেদুপ। এ বছর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে তিনি ভুটানের প্রার্থী। প্রার্থিতার পক্ষে ভুটানের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই এ বৈঠক হয়েছে।
ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ ১১টি সদস্য দেশ রয়েছে। এ কার্যালয় আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে সমন্বিতভাবে কাজ করে। বৈঠকে বাংলাদেশ সমর্থনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানিয়েছে কি না, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ নেই।