সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাশিয়া শান্তি আলোচনা থেকে ‘সরে যাওয়ার’ চেষ্টা করছে: জেলেনস্কি

মস্কোর বিরুদ্ধে নতুন অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্টের স্পষ্ট শর্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক তীব্র অভিযোগ তুলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক তীব্র অভিযোগ তুলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ চলছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং সোমবার ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পরও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

জেলেনস্কি বৃহস্পতিবার সন্ধ্যার ভাষণে বলেন, “সত্যি বলতে, রাশিয়া থেকে আসা সংকেতগুলো ভয়াবহ। তারা শুধু বৈঠক এড়িয়ে যাচ্ছে না, বরং ইউক্রেনের ওপর তাদের বিশাল আক্রমণও অব্যাহত রেখেছে।”
তিনি যোগ করেন, “রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না। তাদের সম্মুখ সারির ভয়াবহ হামলা থেকে বিষয়টি স্পষ্ট।”

জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করলেও শর্ত জুড়ে দেন। তিনি বলেন, “এই বৈঠক তখনই সম্ভব যখন যুদ্ধ বন্ধ হবে এবং আমার আন্তর্জাতিক মিত্ররা ইউক্রেনের নিরাপত্তার জন্য একটি স্পষ্ট গ্যারান্টি দেবে।”
তিনি জোর দিয়ে বলেন, যে কোনো বৈঠক অবশ্যই একটি ‘নিরপেক্ষ ইউরোপীয় দেশে’ অনুষ্ঠিত হতে হবে। মস্কোকে তিনি সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে সরাসরি নাকচ করেছেন।

চীনের ভূমিকাও তিনি প্রত্যাখ্যান করেন। “ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সাহায্যের ধারণা অবাস্তব এবং অগ্রহণযোগ্য,” বলেন জেলেনস্কি।

অন্যদিকে মস্কো জানিয়েছে, ইউক্রেন আসলে ‘দীর্ঘমেয়াদি শান্তিতে’ আগ্রহী নয়। রাশিয়ার দাবি, কিয়েভ এমন সব গ্যারান্টি চাইছে যা মস্কোর অবস্থানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

শান্তি চুক্তির সম্ভাবনা যাচাইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন। ডানপন্থি সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনকে হয়তো ভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে।”

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার সাড়ে তিন বছরের মাথায় যুদ্ধ এখনো তীব্র আকারে চলছে। পশ্চিমা সমর্থন থাকা সত্ত্বেও ইউক্রেন ক্রমাগত রাশিয়ার সামরিক চাপের মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে আশা ও সংশয় দুটোই বাড়ছে।