রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শীতলক্ষ্যায় সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ফরহাদ হোসেনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ফরহাদ হোসেনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ফরহাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ফরহাদ শুক্রবার জুম্মা নামাজের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন।

বিকেল সাড়ে তিনটার দিকে থানার চার নম্বর ঘাটের জেটির সামনের শীতলক্ষ্যা নদী থেকে প্রত্যক্ষদর্শীরা অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাজ করতে হয়নি। সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান বিকেল চারটার পর ঘটনাস্থলে পৌঁছে লাশ তীরে পান।

সিআইডি পুলিশের একটি দলকে ঘটনাস্থলে নিয়ে লাশের ফিঙ্গার টেস্ট করে তার পরিচয় সনাক্ত করা হয়। তার জাতীয় পরিচয়পত্র বের করে ব্যবহৃত সকল মোবাইল ফোন সীম নম্বর সংগ্রহ করা হয়। পরে তার স্বজনদের ফোন করে পরিচয় নিশ্চিত হওয়া যায়। হাবিবুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীরা ফরহাদকে জেটিতে বসা থেকে নদীতে পড়ে যেতে দেখে এবং আধা ঘণ্টার মধ্যে লাশ উদ্ধার করে।

ফরহাদের একমাত্র মেয়ে ফারাহ ও স্বজনরা নৌ থানায় পৌঁছেছে। তারা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে চায়।

তবে একটি সূত্র জানায়, উত্তর চাষাঢ়ার বাড়িটি নিয়ে তার সাথে আত্মীয়দের বিরোধ ও মামলা ছিল। এ কারণে তার মৃত্যুটি রহস্যজনক বলে মনে করা হচ্ছে। এলাকাবাসী মনে করেন, এই বিরোধের কারণে তার মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা দরকার।