রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৮ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। প্রজ্ঞাপনের অনুলিপি হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। মনোনীত সভাপতিকে বিষয়টি জানানোর অনুরোধও করা হয়েছে প্রজ্ঞাপনে।
উত্তরাঞ্চলের অন্যতম বড় এই সরকারি হাসপাতালে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীর তুলনায় শয্যা কম হওয়ায় অনেককে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয়। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা। এসব কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে নতুন সভাপতির দায়িত্ব নেওয়াকে ঘিরে রোগী, তাঁদের স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, ব্যবস্থাপনা কমিটির সক্রিয় উদ্যোগে শয্যা ও জনবলের সংকট কমবে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত হবে এবং হাসপাতালের সার্বিক সেবার মান বাড়বে।