শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে একজন নিহত

আধিপত্য নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ; নিহত সেলিমকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন রহিম মোল্লা, অপর পক্ষের নেতৃত্বে আওলাদ মোল্লা। আওলাদ মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জেরে গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সেলিম নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিচয় ও ঘটনায় মামলা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।