মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চেয়েছে

স্বাস্থ্যমন্ত্রীর কাছে বরাদ্দের আবেদন হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ; মন্ত্রী কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করতে জরুরি বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ১ হাজার ৪১০ কোটি টাকারও বেশি বরাদ্দ চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে আবেদনটি তুলে দেন হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদরোগ ও স্ট্রোক চিকিৎসা, বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি হবে। সিসিইউ, আইসিইউ ও এনআইসিইউর পাশাপাশি শিশুদের জন্য পিআইসিইউ চালুর পরিকল্পনাও আছে।

আবেদনে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার এবং রেডিওলজি ও ইমেজিং সেন্টার চালুর ব্যয় তুলে ধরা হয়েছে। এ ছাড়া লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, আধুনিক অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি যন্ত্রপাতি, হাসপাতালের শয্যা এবং চিকিৎসক, সার্জন, নার্স ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্যও অর্থ চাওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নের মধ্যে আছে কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা, মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট, সাবস্টেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ার্ড ও কেবিন সংস্কার।

আবেদনে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটি সীমিত পরিসরে নিজস্ব অর্থায়নে চলেছে। গত ১ অক্টোবর এটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালট্যান্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নিয়োগ কার্যক্রম চলছে।

আবেদন হস্তান্তরের সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।