রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নারীদের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা; আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসির হাতে হস্তান্তরের আশা

বিআরটিসি চেয়ারম্যান জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস কেনা হচ্ছে; এর মধ্যেই পিঙ্ক বাসে যাত্রীসংকটের কথাও বলেছেন তিনি।

নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

প্রচলিত উন্মুক্ত দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপের ওই প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিঙ্ক বাস সেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাস সাধারণত সকাল ও বিকেলে দুটি করে যাত্রা করে; তবে অনেক সময় আসন খালি থাকে।

বিআরটিসির চেয়ারম্যানের ভাষ্য, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারেন না, এতে যাত্রীসংখ্যা কমছে। তাই ১৬ বছর পর্যন্ত বয়সী বা মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি। নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে একটি সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন ১০০টি বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাস সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।