জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন।
সোমবার সচিবালয়ে মাহাদী আমীনের সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হয়। দুপুর ১টায় শুরু হওয়া এ বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহাদী আমীন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য, এনসিপি নেতারা নিজেদের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরেছেন এবং সরকারও তার অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, সরকার এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।
মাহাদী আমীন আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার সুরক্ষার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে হলে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে বৈঠকের এজেন্ডা হিসেবে এনসিপির ক্ষমা চাওয়া ও সংবিধান সংশোধন কমিটি বাতিলের প্রসঙ্গ তোলার কথা জানা গিয়েছিল।