ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চারটি অঞ্চলে চার রঙের ই-রিকশা চলবে। অঞ্চলভেদে এসব রিকশার রং হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে; রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে।
রোববার বিকেলে নগর ভবনে বুয়েটে পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার অঞ্চলে চার রঙের ই-রিকশা চালানোর সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ১৩টি প্রতিষ্ঠানের বুয়েটে পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করেছেন; এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের ই-রিকশার পরীক্ষা প্রক্রিয়াধীন।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই-রিকশা নামানোর কার্যক্রম দ্রুতগতিতে চলছে। প্রতিটি ফরমের দাম ১০০ টাকা। কার্যক্রমের শুরুতেই সংস্থাটি জানিয়েছিল, ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না; প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও কারিগরি মানদণ্ড পূরণ সাপেক্ষে নিবন্ধন দেওয়া হবে।
নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। এরপর কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন হবে; সন্তোষজনক ফল পেলে প্রতিষ্ঠানগুলো উৎপাদনের অনুমতি পাবে।
বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক আবদুস সালাম বলেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকে লাইসেন্স দেওয়া হবে, তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকে লাইসেন্স দেওয়া হবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন—দুই প্রক্রিয়াই বিধিমালা পুরোপুরি অনুসরণ করে হবে। সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ ২৯ অক্টোবর বিধিমালা জারি করেছিল।