সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, সব সড়কে যান চলাচল স্বাভাবিক

পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে প্রশাসনের আশ্বাস পেয়ে সোমবারের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।

সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হওয়ায় সোমবার জেলার সব সড়কে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সোমবার সকাল ছয়টা থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন শ্রমিকরা। তবে রোববার রাতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। বৈঠকে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এবং পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা কর্মবিরতি স্থগিত করেছেন।

এর আগে ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়। সভায় পরিষদের তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিং এবং ইজিবাইক, টমটম ও মিশুক চলাচল বন্ধ করা। এ ছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি ও অতিরিক্ত জরিমানা বন্ধ, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছিলেন তাঁরা।