বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ডুমুরিয়ায় মাথায় কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে চালক

মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর ওয়াপদা এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালায় দুর্বৃত্তরা।

খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত সাইফুল ইসলামকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুলের বাড়ি বাগেরহাটের যাত্রাপুর (রহিমাবাদ) এলাকায়।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাইফুল গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার দিকে যাচ্ছিলেন। মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভ্যানচালক মোজাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ তাঁকে ডেকে আহত ব্যক্তিকে খুলনায় নেওয়ার ব্যবস্থা করতে বলেন। হাসপাতালে পৌঁছানোর পর সাইফুলকে সার্জারি বিভাগে পাঠানো হয়; তখন পর্যন্ত তাঁর কোনো স্বজন হাসপাতালে আসেননি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।