ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বারবার ক্ষতবিক্ষত হলেও সুন্দরবন ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে—স্যাটেলাইটভিত্তিক গবেষণার তথ্য এমন চিত্র দেখাচ্ছে। দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রাকৃতিক প্রহরী এই বনভূমি ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলা, ২০২০ সালের আম্পান ও ২০২৪ সালের রেমালের আঘাত সয়েছে। সিডরের প্রবল বাতাসে অসংখ্য গাছ ক্ষতিগ্রস্ত হয়; আইলার জলোচ্ছ্বাস ও লবণাক্ত পানির অনুপ্রবেশে সুন্দরবনের পাশাপাশি উপকূলীয় জনপদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গবেষকেরা দীর্ঘ সময় ধরে ল্যান্ডস্যাট স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বনের সবুজের ঘনত্ব ও পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ২০০৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের সুন্দরবনের উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকীকৃত পার্থক্যভিত্তিক উদ্ভিদ সূচক (এনডিভিআই) এবং মাটির প্রভাব সমন্বিত উদ্ভিদ সূচক (এসএভিআই), যার মাধ্যমে ঘন, মাঝারি ও পাতলা আচ্ছাদনের পরিবর্তন নির্ণয় করা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০০৬ সালে সুন্দরবনের বিশ্লেষিত এলাকার প্রায় ৬৮ শতাংশ ছিল ঘন উদ্ভিদে আচ্ছাদিত। সিডরের পর ২০০৮ সালে আচ্ছাদনের ব্যাপক অবনতি ঘটে, আইলার অভিঘাতেও বনের ঘন ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালে ঘন আচ্ছাদন প্রায় ৬০ শতাংশে ফিরে আসে এবং ২০২৫ সালে তা প্রায় ৬৭ শতাংশে পৌঁছায়। অর্থাৎ দীর্ঘ সময়ের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ভয়াবহ দুর্যোগের পরও সুন্দরবনের উদ্ভিদ আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বনের এই পুনর্জন্ম কোনো একক কারণে হয় না। কোথাও ক্ষতিগ্রস্ত গাছের অবশিষ্ট অংশ থেকে নতুন ডালপালা বের হয়, কোথাও নতুন চারা জন্মায়, আবার কোথাও কম ক্ষতিগ্রস্ত উদ্ভিদ নতুন করে ছড়িয়ে পড়ে। উদ্ভিদের প্রাকৃতিক বংশবিস্তার, বৃষ্টিপাত, পলি জমা, জোয়ার-ভাটার গতিশীলতা এবং জীববৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক এ প্রক্রিয়ায় ভূমিকা রাখে।