শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের কাছে সরকার নির্ধারিত ব্যয়ের প্রায় পাঁচ গুণ টাকা চাওয়ার অভিযোগ, তদন্ত শুরু

সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার জায়গায় সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকা দাবির অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করেছে।

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিন্তু এর পরও মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের কাছ থেকে সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা, অর্থাৎ দাবি করা অঙ্ক প্রায় পাঁচ গুণ।

সম্প্রতি অতিরিক্ত টাকা দাবির অভিযোগ এনে একজন বিদেশগামী কর্মী মন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করেছে। অভিযোগ আছে, শুধু একজন নয়, বেসরকারিভাবে যেতে আগ্রহী অনেকের কাছ থেকেই নানা কৌশলে একই ধরনের অর্থ চাওয়া হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, কিছু রিক্রুটিং এজেন্সি ও তাদের মনোনীত মধ্যস্বত্বভোগী কর্মীদের বোঝাচ্ছেন যে সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা নেই এবং নির্ধারিত ব্যয়ের অঙ্ক শুধু আনুষ্ঠানিকভাবে বলা হয়। অথচ মালয়েশিয়ার পক্ষ থেকে ঘোষণা রয়েছে, বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাওয়া কর্মীদের বিমানভাড়া ও কলিং ভিসার খরচ তারা বহন করবে। তাহলে কেন আট লাখ টাকা চাওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কোনো এজেন্সি অতিরিক্ত টাকা চাইলে প্রমাণসহ লিখিতভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। বিদেশ যাওয়ার জন্য অর্থ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার পরামর্শও দিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, অতিরিক্ত অর্থ দাবি ও স্বাস্থ্য পরীক্ষার নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।