রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি কৃষিকাজের পাশাপাশি পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তাঁর তিন সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন। বৃহস্পতিবার সকালে নিহত ব্যক্তির বাড়িতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভিড় দেখা যায়।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বুধবার রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাঁর স্বামী এশার নামাজ পড়তে যান। এরপর তিনি আর ফেরেননি। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাত ১২টার দিকে ঘরে থাকা অন্য একটি চাবি দিয়ে একজনকে জানালা দিয়ে তালা খোলার ব্যবস্থা করা হয়। এরপর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। শেষে ছাদে উঠে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, তাঁদের বাড়ির ছাদে উঠতে হয় বাইরের দিক দিয়ে। ছাদে বিড়াল লাফালে যেমন শব্দ হয়, তেমন শব্দ তিনি পেয়েছিলেন; এর বেশি কিছু বুঝতে পারেননি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনার রাতে বাড়িতে নিহত ব্যক্তির স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। কে বা কারা, কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।