বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফরে, যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও

মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেয়ে কেলি ই. কারি বাংলাদেশে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করবেন; সফর শেষে ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন।

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আগামী ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন দেশটির মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার তাঁকে জানিয়েছে, তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সফরসূচিতে ঢাকায় বেশ কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তিনি তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।