সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যাহার

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় রোববার প্রজ্ঞাপন জারি করে জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করেছে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ মর্মে পোস্ট দেওয়ার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঘটনার সূত্রপাত শুক্রবার দিবাগত রাতে। ওই রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত তাঁর ফেসবুক পেজে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’ লিখে একটি পোস্ট দেন। এর কয়েক মিনিট পর তিনি ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেন। অল্প সময়ের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদক তাৎক্ষণিকভাবে ‘ইউএনও জামালগঞ্জ’ পেজে একটি পোস্ট দিয়ে জানান, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে, কেউ যেন বিভ্রান্ত না হন। এর কিছুক্ষণের মধ্যেই এসিল্যান্ডের পেজ থেকে মূল পোস্টটি মুছে ফেলা হয়। পোস্ট মুছে ফেলা নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়।