চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে পড়ে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বোরহান মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে। জানা গেছে, ওই এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির সীমানাপ্রাচীরের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় সেটি ধসে পড়ে। ইট-কংক্রিটের অন্তত ১৫ ফুট নিচে চাপা পড়েন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বেরিয়ে তাঁরা দেখেন, নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা একজন চাপা পড়ে আছেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, তোরণের ঢালাই দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও ঠিকাদারের উদাসীনতায় তা খুলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন এবং মরদেহ থানায় আনা হচ্ছে। এ ঘটনায় পরিবার মামলা করতে চাইলে পুলিশ তা নেবে বলে তিনি জানান।