শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সারিয়াকান্দিতে যমুনায় বিদ্যুৎ-শক দিয়ে মাছ শিকার, নিষেধাজ্ঞা সত্ত্বেও কমছে মাছ

বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি ও ইনভার্টারের বিদ্যুৎ-শক দিয়ে মাছ ধরা থামানো যাচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির জেলে নিয়মিত এভাবে মাছ ধরছেন। মাঝেমধ্যে অভিযান চললেও তাঁদের থামানো যাচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

স্থানীয়ভাবে জানা গেছে, শক দেওয়ার জন্য ইজিবাইকের ব্যাটারির সঙ্গে একটি ইনভার্টার যুক্ত করে বিদ্যুৎপ্রবাহ তৈরি করা হয়। ইনভার্টার থেকে দুটি তার বের করে জালের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এতে পানিতে পাঁচ থেকে সাত ফুট দূরত্বের মধ্যে থাকা মাছসহ সব ধরনের জলজ প্রাণী বিদ্যুতের শকে মারা যায়। ওই সীমার মধ্যে কোনো মানুষ পড়লে প্রাণহানির আশঙ্কাও থাকে। এভাবে মাছ ধরার ফলে ডিম ও পোনাও নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীববৈচিত্র্য।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যমুনা ও বাঙালি নদীতে ছোট-বড় মিলিয়ে মোট ৮৪৭ টন মাছ পাওয়া গিয়েছিল। ২০২২ সালে তা প্রায় ৩০ শতাংশ কমে ৫৮৭ টনে দাঁড়ায়। ২০২৪ সালে উৎপাদন নেমে আসে ২৮৮ টনে, আর ২০২৫ সালে যমুনা থেকে পাওয়া যায় ৩১৭.৭০ মেট্রিক টন মাছ। বৈদ্যুতিক শকে মাছ ধরাকে এই পতনের একটি কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার জানান, চলতি বছর এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩২টি অভিযান চালানো হয়েছে। পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি ব্যাটারি ও ইনভার্টার জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার বলেন, প্রশাসনের সহযোগিতায় দফায় দফায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক শকের যন্ত্রপাতি জব্দ করা হলেও কোনোভাবেই এসব জেলেকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।