সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে ব্রির ‘রাইস গার্ডেনে’ ৫২ জাতের ধানের চাষ, হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন কৃষক

সদর উপজেলার শশরা ইউনিয়নের হুগলীপাড়ায় ‘প্রযুক্তিগ্রাম’-এ পাশাপাশি রোপণ করা হয়েছে ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত।

দিনাজপুরে একই জায়গায় ৫২টি ধানের জাত চাষ করে কৃষকদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়। স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের আওতায় আমন মৌসুমের এই কার্যক্রমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, বীজ সরবরাহ এবং জমি প্রস্তুতির পদ্ধতিও শেখানো হচ্ছে। উদ্যোগে খুশি স্থানীয় কৃষকেরা।

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়ায় স্থাপন করা হয়েছে 'প্রযুক্তিগ্রাম'। দুই বছর আগেও গ্রামটি শুধু হুগলীপাড়া নামে পরিচিত ছিল। এখন গ্রামের বেশির ভাগ কৃষকের জমিতে ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান আবাদ হচ্ছে। প্রকল্পের অর্থায়নে সেখানে গড়া হয়েছে ব্যতিক্রমী 'রাইস গার্ডেন', যেখানে দেশের ৫২টি জাতের ধান লাগানো হয়েছে। ইতিমধ্যে সোনালি ধান কাটা শুরু হয়েছে।

ব্রির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে স্থাপিত এই গার্ডেনের মূল উদ্দেশ্য কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি জনপ্রিয় করা। জাতগুলো পাশাপাশি রোপণ করা হয়েছে, যাতে কৃষকেরা গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগবালাই সহনশীলতা ও গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য নিজের চোখে দেখতে পারেন। এতে স্থানীয় পরিবেশের উপযোগী জাত বেছে নেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে চুনিয়াপাড়া মোড় পেরিয়ে প্রায় ২০০ গজ দূরে গ্রামটির অবস্থান। সরেজমিনে দেখা যায়, প্রতিটি জাতের ক্ষেতে ওই জাতের বিবরণ-সংবলিত সাইনবোর্ড লাগানো আছে। ফলে কৃষকেরা সহজেই জাতগুলো সম্পর্কে জানতে পারছেন। গার্ডেনে আছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১১, বিআর২২, বিআর২৫, ব্রি ধান৩০ থেকে শুরু করে ব্রি ধান৯০ পর্যন্ত বিভিন্ন জাত।