সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঢাকার বস্তি ও উপকূলীয় অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ২৫ কোটি ডলারের দুটি প্রকল্পের উদ্যোগ

সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগীয় পরিচালকের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী প্রকল্প দুটির কথা জানান।

ঢাকার বস্তিবাসী ও দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলারের দুটি বড় প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকার বস্তিগুলোর সার্বিক উন্নয়নে ৫ কোটি ডলার এবং উপকূলীয় ৮টি জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকা সুরক্ষায় ২০ কোটি ডলার ব্যয়ের কর্মসূচি রয়েছে।

সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যা পেসমির সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী জানান, বৈঠকে উপকূলীয় অঞ্চলে ২০ কোটি ডলার ব্যয়ে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং ঢাকা শহরের জন্য ৫ কোটি ডলার ব্যয়ে ‘স্লাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ শীর্ষক প্রকল্প দুটি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা পাওয়ার সুযোগ বাংলাদেশের জন্য বেশি। তাই সংস্থাটিকে বাংলাদেশ সব সময় বিশেষ গুরুত্ব দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়েও কথা হয়েছে।